অ্যাপ বন্ধের প্রতিবাদে মোটরসাইকেল চালকদের রাস্তা অবরোধ

১ এপ্রিল, ২০২১ ১২:১৬  
রাইড শেয়ারিং সার্ভিস অ্যাপ বন্ধ করার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব, ধানমন্ডি, নিকুঞ্জ এবং বাড্ডাসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় মোটরসাইকেল দিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন মোটরসাইকেল চালকরা। বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় সড়ক অবরোধ করায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ধানমন্ডি থানা সূত্র জানিয়েছে, রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার প্রতিবাদে কয়েকশ মোটরসাইকেল চালক ধানমন্ডি ২৭ সোবাহানবাগ মসজিদের সামনে সড়ক অবরোধ করায় নিউমার্কেট থেকে মিরপুর রোড, নিউমার্কেট থেকে গাবতলী রুটে যান চলাচল ব্যাহত হচ্ছে। তাদের অবরোধের কারণে রাস্তার উভয় পাশেই যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে ১৫ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর দেড়টার দিকে জড়ো হন মোটারসাইকেল চালকেরা। তারা সড়কে মোটরসাইকেল রেখে ফুটপাথে দাঁড়িয়ে মানববন্ধন করেন। দাবি আদায়ে তাঁরা স্লোগান দেন। তাঁরা রাইড শেয়ারিং অ্যাপ বন্ধে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনার তীব্র প্রতিবাদ জানান।
অবরোধকারী মোটরসাইকেল চালকদের অভিযোগ, রাজধানীতে বাস-সিএনজিসহ সব ধরনের পরিবহনে যাত্রী চলাচল করছে। শুধুমাত্র রাইডিং সেবা সরকার বন্ধ করে দিয়েছে। এতে আমরা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। সরকারের কাছে আমরা দাবি জানাই, দ্রুত যেন আবার রাইডিং সেবা চালু করার নির্দেশ দেওয়া হয়।